বিটকয়েনের ভবিষ্যৎ দেখছেন না এফটিএক্স প্রতিষ্ঠাতা!
নানা সমালোচনা থাকলেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ভার্চুয়াল মুদ্রা। ইতিমধ্যে একাধিক দেশে বৈধতা পেয়েছে এই মুদ্রা। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট গ্রহণ শুরু করেছে। তবে পেমেন্ট নেটওয়ার্ক হিসেবে বিটকয়েনের কোনো ভবিষ্যৎ নেই বলে মনে করছেন ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্লাটফর্ম এফটিএক্সের প্রতিষ্ঠাতা। পাশাপাশি এ মুদ্রার পরিবেশগত ক্ষতির জন্যও সমালোচনা করেছেন তিনি। খবর রয়টার্স।
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে ‘প্রুফ অব ওয়ার্ক’ নামে একটি প্রক্রিয়া তৈরি করা হয়েছে। এ প্রক্রিয়ার আওতায় কম্পিউটারগুলোকে জটিল ধাঁধাঁর সমাধান করে মুদ্রার ‘মাইন’ করতে হয়। এ কম্পিউটারগুলো চালাতে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন। আরেকটি বিকল্প প্রক্রিয়াকে ‘প্রুফ অব স্টেক’ বলা হয়েছে। এ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা টোকেন কিনতে পারে এবং এটি তাদের নেটওয়ার্কে যোগদান করার সুযোগ দেয়।
এফটিএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম ব্যাংকম্যান-ফাইড বলেন, ক্রিপ্টোকারেন্সিকে পেমেন্ট নেটওয়ার্ক হিসেবে বিকশিত করতে চাইলে প্রুফ অব স্টেক প্রক্রিয়া ব্যবহার করতে হবে। কারণ এটি সস্তা এবং কম বিদ্যুৎ ব্যবহৃত হয়।
ব্যাংকম্যান-ফাইড বিশ্বাস করেন না যে বিটকয়েনকে একটি ক্রিপ্টোকারেন্সি হিসেবেই এগিয়ে যেতে হবে। বরং তিনি মনে করেন, এটি ভবিষ্যতে স্বর্ণের মতো একটি সম্পদ ও পণ্য হিসেবে থাকতে পারে।
ডিবিটেক/বিএমটি